খুলনা শিশু ফাউন্ডেশনের প্রথম প্রকল্প খুলনা শিশু হাসপাতাল একটি ঐতিহ্যবাহী সেবা ও চিকিৎসার প্রতিষ্ঠান। ১৯৮০ সালের ৭ই সেপ্টেম্বর মরহুম আ,স,ম মোস্তাফিজুর রহমান, তৎকালীন বিভাগীয় কমিশনার আবু হেনাসহ খুলনার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মরহুম ডাঃ এ, কে, এম মশিহুর রহমান, মরহুম মির্জা খয়বার হোসেন তৎকালীন পৌরসভার চেয়ারম্যান এ্যাডঃ মোঃ এনায়েত আলী, রেড ক্রিসেন্ট সোসাইটির জনাব আবু তালেব ইমদাদুল ইসলাম-এর ঐকান্তিক প্রচেষ্টায় বেসরকারী উদ্যোগে শিশু চিকিৎসা সেবার প্রতিষ্ঠান হিসেবে খুলনা শিশু ফাউন্ডেশনের প্রথম প্রকল্প খুলনা শিশু হাসপাতাল আত্মপ্রকাশ করে। সাধারণ জনগণের পাশাপাশি হাসপাতালের জন্মলগ্নে বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে আসে।
যেমন- খুলনা সিটি কর্পোরেশন, খান-এ-সবুর ট্রাষ্ট, সৈয়দপুর ট্রাষ্ট, খুলনা চেম্বার অব কমার্স, খুলনা লায়ন্স ক্লাব, খুলনা প্রেস ক্লাব, খুলনা রিক্সা মালিক সমিতি, খুলনা বিভাগীয় মিনিবাস মালিক সমিতি, আন্তঃজেলা মিনিবাস মালিক সমিতি, বিজেএমসি, এফপিএবি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
জনগণের সাহয্যে তিল তিল করে গড়ে উঠা সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে পরিচালিত খুলনা শিশু হাসপাতাল চিকিৎসা ও সেবা আজ সারাদেশের মধ্যে একটি অন্যতম মডেল প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত হয়েছে ১৯৮০ সাল থেকে এই হাসপাতালে লক্ষ লক্ষ অসহায় শিশু রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসা ও সেবার গুনগতমানবৃদ্ধির কারণে খুলনা বিভাগের প্রতিটি জেলাসহ ঢাকা ও বরিশাল বিভাগের আংশিক জেলা থেকে প্রতিদিন এখানে শিশু রোগীর চিকিৎসার জন্য ভিড় জমাচ্ছে। খুলনা শিশু হাসপাতালে যে সব শিশু রোগী চিকিৎসার জন্য আসে তারা অধিকাংশ গরীব ও অসহায়। তাদেরকে এক প্রকার বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়ে থাকে।


